মুন্সীগঞ্জের লৌহজংয় উপজেলার ঘোলতলী থেকে ভুয়া পুলিশ সদস্য আলামিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে খেলনা পিস্তল, আইডিকার্ড, রিফ্লেক্টিভ ভেস্ট, পুলিশ মনোগ্রাম সম্বলিত মাক্স ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (১৬ মার্চ) তাকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার রাতে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। ভুয়া পুলিশ পরিচয়দানকারী আলামিন সিরাজদিখান উপজেলার হুগলী গ্রামের আবদুল লতিফ শেখের ছেলে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, আটককৃতকে মাদকসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, সোমবার রাতে ঘোলতলী গ্রামের এক বসতবাড়িতে গিয়ে এক মহিলার কাছে পুলিশ পরিচয়ে দুই হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তার স্বামীকে মাদক মামলায় গ্রেপ্তার করা হবে বলে জানায়। তখন তার কথায় সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামিনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, আইডিকার্ড, রিফ্লেক্টিভ ভেস্ট, পুলিশ মনোগ্রাম সম্বলিত মাক্স ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে লৌহজং থানায় পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি এবং মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।





