মুরাদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সংগৃহীত ছবি

আইন-আদালত

মুরাদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ ডিসেম্বর, ২০২১

মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।  বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়। 

আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজই এ বিষয়ে রিট দায়ের করেছি। বিস্তারিত পরে জানাচ্ছি।

এর আগে গতকাল মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়েন ডা. মুরাদ হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর মঙ্গলবার দুপুরে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন তিনি।

মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার রাত ১০টার দিকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

মন্ত্রিত্বের পর দলীয় পদও হারান বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত এই নেতা। ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এতে তিনি হারাতে পারেন জাতীয় সংসদের সদস্যপদও। 

এদিকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সন্ধ্যায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে শাহবাগ থানায়। 

সম্প্রতি ডা. মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি অনলাইন সাক্ষাৎকারে অসৌজন্যমূলক কথা বলেন। এর পরই প্রতিমন্ত্রী মুরাদের একটি কথোপকথন ফাঁস হয়, যেখানে তিনি অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথা বলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ডা. মুরাদের শাস্তির দাবি ওঠে। এ ঘটনায় ডিবি ও র‌্যাব কার্যালয়ে ডাক পড়ে চিত্রনায়ক ইমনের।

গত সোমবার (০৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডা. মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, ‘সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং তিনি তাকে পদত্যাগ করতে বলেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads