কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় খলিল নামের এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ শুক্রবার (১ অক্টোবর) দুপুরে তাকে আটকের কথা জানা যায়।
এদিকে রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। মুহিবুল্লাহর পরিবার মামলাটি দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোরশেদ।
ওসি জানান, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিহত মুহিবুল্লাহর ভাই হাবিবউল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা নম্বর— উখিয়া থানা/১২৬।
মামলার এজাহারে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ এ নিজ সংগঠনের অফিসে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের অন্যতম নেতা মুহিবুল্লাহ।
পরে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার আসরের পর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট এ হাজার হাজার মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর লম্বাশিয়ায় নিজ বাড়ি সংলগ্ন কবরস্থানে মুহিবুল্লাহকে দাফন করা হয়।





