দলীয় সিদ্ধান্ত উপক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় মোকাব্বির খানকে বেঈমান বলে নিজের চেম্বার থেকে বের করে দিয়েছেন ড. কামাল হোসেন।আজ বৃহস্পতিবার বিকেলে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক।
পথিক বলেন, বৃহস্পতিবার বিকেলে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির খান ড. কামাল হোসেনের চেম্বারে প্রবেশ করেন। এসময় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন উত্তেজিত হয়ে বলেন, ‘বেয়াদব, বেঈমান আমার অফিস থেকে বের হয়ে যাও। আর কখনো আমার অফিসে আসবা না’।
এসময় ড. কামাল হোসেন তার অফিসের কর্মচারীদের বলেন, ‘এই বিশ্বাসঘাতক বেঈমানকে কখনো আমার অফিসে ঢুকতে দিবা না’।
এদিকে সন্ধ্যায় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোকাব্বির খানের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাঁর শপথের বিষয়ে কেন্দ্রীয় নেতারা অবগত ছিলেন না। তিনি ব্যক্তিগত ইচ্ছায় শপথ নিয়েছেন। মোকাব্বির খান মিডিয়াতে গণফোরাম সভাপতি, সংগঠন বিষয়ে অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করেছেন। যা অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট।
২ এপ্রিল মঙ্গলবার দুপুরে মোকাব্বির খান শপথ নেন। তিনি এবার জাতীয় ঐক্যফ্রন্টের অধীনে নিজ দলের উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচন করেন।





