ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার সাত দিন পর গতকাল রোববার রাতে এনটিভির ক্যামেরা ম্যান মাসুদ রানা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে গৌরীপুর থানায় এ মামলাটি দায়ের করেছেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি গৌরীপুর পৌরসভা নির্বাচন চলাকালে শেখ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শফিকুল ইসলাম হবি ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্র দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার ছবি তুলতে গিয়ে সন্ত্রাসীদের নৃশংস হামলায় হামলায় আহত হন একাত্তর টেলিভিশনের ক্যামেরা ম্যান নুরুজ্জামান ও এনটিভির ক্যামেরা পারসন মাসুদ রানা।
মামলার বাদী সাংবাদিক মাসুদ রানা জানান পেশাগত দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে। ক্যামেরা ভাঙচুর করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। চিকিৎসাধীন থাকায় থানায় অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে।





