যশোরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

প্রতীকী ছবি

সারা দেশ

যশোরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুলাই, ২০২২

যশোরের প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার করতে পারবে না। সম্প্রতি যশোরের জেলা প্রশাসকের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয।   এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান।

তিনি বলেন, শিক্ষাগুরুর মর্যাদা যেন ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম। তাই কিছুদিন পরপর শোনা যাচ্ছে শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছনার খবর। আর শিক্ষার্থীদের এমন অবক্ষয়ের জন্য দায়ী পরিবার ও অনিয়ন্ত্রিত মোবাইল ফোন। মোবাইলের প্রতি আসক্তি শিশুদের সামাজিক দক্ষতা নষ্ট করছে। ফলে তৈরি হচ্ছে শিশুদের নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা। শিশুদের পারিবারিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ব্যাহত হচ্ছে। তাই স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ থেকে দূরে রাখতে হবে।

জেলা প্রশাসক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে আশেপাশে সিগারেটের দোকান বন্ধ করে দেয়া হবে। বিদ্যালয় বা কলেজে না যেয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্র, ক্যাফেতে বসে যে শিক্ষার্থীরা আড্ডা দেবে তাদের বিরুদ্ধে মোবাইল কোটের্র মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, যশোর জেলার আটটি উপজেলায় জুন মাসে বিভিন্ন সংঘটিত অপরাধে মোট মামলা হয়েছে ৩১৬টি। যা মে মাসে ছিল ২৬৫টি। জুন মাসে কোতোয়ালি থানায় ১০৫টি, চৌগাছায় ৩২টি, ঝিকরগাছায় ২৪টি, শার্শায় ২২টি, বেনাপোলে ৪৭টি, মণিরামপুরে ১৯টি, কেশবপুরে ১৭টি, অভয়নগরে ২৩টি ও বাঘারপাড়া থানায় ২৭টি মামলা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, র‍্যাব-৬ যশোরের স্কোয়াড কমান্ডার এএসপি শফিকুর রহমান, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কুমার সাহা, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক আনিছুর রহমান, রাইটস যশোরের নির্বাহী কর্মকর্তা বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads