ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০তম থানা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল হাতিরঝিল থানা। আজ থেকে জননিরাপত্তা বিধানসহ নগরবাসীকে আইনগত সেবা দেবে হাতিরঝিল থানা।
আজ শনিবার আনুষ্ঠানিকভাবে থানাটির কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ৬ষ্ঠ তম থানা হলো হাতিরঝিল থানা। হাতিরঝিল পুরো এলাকাসহ রমনা, তেজগাঁও শিল্পাঞ্চল ও রামপুরা থানার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে নতুন হাতিরঝিল থানা ।
হাতিরঝিল থানার আওতাভুক্ত এলাকা হচ্ছে- রাজধানী বাংলামোটরের একাংশ, ইস্কাটনের একাংশ, মগবাজার, মালিবাগ চৌধুরী পাড়ার একাংশ, পশ্চিম রামপুরা, উলন, নয়াটোলা, মধুবাগ, মীরবাগ, মহানগর আবাসিক এলাকা, হাতিরঝিল, বাড্ডা লিংক রোড, আবুল হোসেন রোড, ওয়াপদা রোড, ওয়্যারলেস মোড়ের একাংশ, পেয়ারাবাগ, দিলুরোড, মালিবাগ রেল ক্রসিং, হাজিপাড়া, হোটেল সোনারগাঁও, হাতিরঝিল প্রজেক্ট, পুলিশ প্লাজা এলাকার একাংশ নিয়ে গঠিত হয়েছে থানাটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাতিরঝিল এলাকার আইন শৃংখলা রক্ষার্থে হাতিরঝিল থানা কাজ করবে। থানাকে আস্থা ও বিশ্বাসের জায়গায় পরিণত করতে হবে। দেশী-বিদেশী পর্যটক ও হাতিরঝিলের নিরাপত্তার জন্য এই থানাটি স্থাপন করা হয়েছে। বর্তমানে হাতিরঝিল থানাটি একটি অস্থায়ী ভবনে স্থাপন করা হয়েছে। স্থায়ী থানা ভবনের জন্য আমরা জায়গা পেয়েছি। অচিরেই হাতিরঝিলে স্থায়ী সুন্দর ও আধুনিক থানা কমপ্লেক্স নির্মাণ করা হবে। হাতিরঝিল থানা একটি আর্দশ থানা হিসেবে কাজ করবে।’
নতুন থানা উদ্বোধন সম্পর্কে আইজিপি বলেন, ‘হাতিরঝিল এলাকা অনেক বড় হওয়ায় পুলিশের পক্ষে আইন-শৃংখলা ঠিক রাখা কঠিন ছিল। হাতিরঝিল থানা উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হল। পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে সেবা নিয়ে থাকবে। থানা আপনাদের দৌড়গোড়ায় আসায় অহর্নিশ থানা থেকে আপনারা আইনী সেবা পাবেন।’
থানা উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই সন্ধ্যা সাতটায় মগবাজার, মধুবাগ মাঠে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতালেন ঐশী ও কাজী শুভ। এছাড়া নাচ ও গানে দর্শকদের মাতিয়ে রাখে বাংলাদেশ পুলিশ শিল্প ও সাংস্কৃতি পরিষদের সদস্যরা।
উল্লেখ্য যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্প এলাকায় হাতিরঝিল থানা স্থাপন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ২০১৭ সালের ২০ নভেম্বর ৭১টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।





