আশিকুর রহমান মিঠু, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির এক নেতা নাকি বলেছেন- বাংলাদেশে নির্বাচন বা বাংলাদেশের ভাগ্য ও সমস্যা বাংলাদেশের লোকজন মিটাতে পারবেনা। দুইদল আওয়ামী লীগ-বিএনপিও মিটাতে পারবেনা। এটা মিটাতে নাকি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যকে লাগবে। অত্যন্ত পরিস্কারভাবে বলতে চাই- শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। বাংলাদেশে কী হবে, না হবে- সেটা বাংলাদেশের জনগণ বুঝবে এবং চাইবে। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের স্বাধীনতার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি. আলী কলেজ মাঠে এবি ব্যাংক লিমিটেড আয়োজিত কৃৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রায় ১৮০০ কৃষককে ১৭ কোটি টাকা ঋণ দেয়া হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র যে শুধু বিদেশীরাই করে তা নয়। বিদেশীরা যেন ষড়যন্ত্র করতে পারে, তারজন্য আমাদের দেশীয় কিছু সাহেব তাদের কানভারী করছে। এরা গিয়ে বিদেশীদের বলে বাংলাদেশের মানুষ বড় কষ্টে আছে, বহু অত্যাচারে আছে। কই কষ্ট, কই অত্যাচার?
মন্ত্রী আরও বলেন, একটা কথা সঠিক, আমরাও সেটা বুঝি। আমরাও চেষ্টা করি সেটা লাঘব করার। জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষের কষ্ট হচ্ছে আমরা জানি। কিন্তু এটা কেনো হচ্ছে? এই দাম তো পাঁচ বছর আগে বাড়েনি। এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছু এখন ঊর্ধ্বগতি। যুদ্ধের কারণে সারাবিশ্ব এই জায়গায় পৌঁছেছে।
এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান ও কৃষি কর্মকর্তা হাজেরা বেগম প্রমুখ।





