২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে আজ রোববার। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করবেন।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ তুলে ধরবেন। ১২টার দিকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন।
আনুষ্ঠানিকভাবে সব কলেজ-মাদরাসা, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইলের এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবে শিক্ষার্থী ও অভিভাবকরা।
শনিবার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে জারি করা এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও সব শিক্ষা বোর্ডের রেজাল্টের ওয়েবসাইটে (www.educationboard.gov.bd) ফল জানা যাবে।
এছাড়া আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার্থী মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2021 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে গঅউ স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2021 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ।





