লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় যৌতুকের টাকার জন্য দুলাভাই কর্তৃক স্কুল ছাত্রী শালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ দায়েরের চার দিন পেরিয়ে গেলেও ওই ছাত্রীর কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।
থানা পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এর ছেলে সফিয়ার রহমানের বড় কন্যার সাথে এক বছর আগে পাশের পশ্চিম বেজগ্রাম এলাকার আবুল হোসেনের ছেলে সুমন (২৩) এর বিয়ে হয়। বিয়েতে ২ লাখ টাকা যৌতুক দেয়া হয়। এক সপ্তাহ আগে সুমন আরো টাকা দাবি করে স্ত্রীকে বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। কিন্তু দাবি টাকা না পেয়ে গত শনিবার (১৮সেপ্টেম্বর) সকালে সুমন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ৮ম শ্রেণী পড়ুয়া শালিকাকে অপহরণ করে। মেয়ের সন্ধান চেয়ে ওইদিন রাতেই হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। অভিযোগ দায়েরের চার দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ ওই স্কুল ছাত্রীর সন্ধান দিতে পারেনি।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি, ওই ছাত্রীকে উদ্ধার ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।





