রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে আগামী বৃহষ্পতিবার থেকে। এদিন বিকেল সাড়ে তিনটায় ছাত্র ফেডারেশনের সঙ্গে বসা হবে। তাছাড়া যেসব রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনতন্ত্র ও কমিটির তালিকা দিয়েছে পর্যায়ক্রমে তাদের সঙ্গেও আলোচনা হবে।
আজ সোমবার দুপুরে রাকসু সংলাপ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ও রাকসু সংলাপ কমিটির সদস্য অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।
অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে ছাত্র ফেডারেশনের সঙ্গে প্রথম সংলাপ শুরু হবে। এরপর ১২ ফেব্রুয়ারি ছাত্র মৈত্রীর সঙ্গে সংলাপ হবে। পর্যায়ক্রমে সকলের সঙ্গে আমরা বসবো। তবে বাকিদের সঙ্গে বসার তারিখ নির্ধারণ হয়নি।
রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সক্রিয় রয়েছে তাদেরকে আগামীকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) একটি নোটিশ দেওয়া হবে। সেখানে ৭ দিনের মধ্যে তাদের গঠনতন্ত্র ও কমিটির তালিকা জমা দিতে হবে। আমরা সেগুলো পর্যালোচনা করে তাদের সঙ্গে সংলাপে বসবো।
এর আগে, ২২ থেকে ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১০টি রাজনৈতিক সংগঠনের গঠনতন্ত্র ও কমিটির তালিকা জমা দেয়। এরই প্রেক্ষিতে আজ সোমবার রাকসু সংলাপ কমিটির বৈঠকে আগামী বৃহষ্পতিবার থেকে পর্যায়ক্রমে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নেয় তারা।





