কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে দুটি পোশাক কারখানার শ্রমিকরা তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ কারখানায় কাজ করেন। এসময় শ্রমিকদের বিক্ষোভে সড়কে যানজটের সৃষ্টি হয়। সেসময় পুলিশ এসে সরে যেতে বললেও তারা সড়কে থেকে সরছিলেন না। পরে একপর্যায়ে সড়কে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি শুরু হয়।
পরে বেলা ১১টার দিকে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিলে তারা রাস্তা থেকে সরে যায়। তারপর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, পোশাকশ্রমিকদের অবরোধের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকরা না সরায় ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।





