চার হাসপাতাল ঘুরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীতে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। আর এটিই রাজশাহীতে করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু।
রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে ৮০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান।
তিনি বলেন, ওই ব্যক্তির বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার গাওপাড়া গ্রামে। গত ২০ এপ্রিল পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসে। তিনি কীভাবে সংক্রামিত হন তা জানা যায়নি।
উপ-পরিচালক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন চিকিৎসার পর ২০ এপ্রিল সকালে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছিল ওই বৃদ্ধকে। এর আগে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একটি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নেন তিনি।





