দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দরে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে দেশের অন্যতম স্থলবন্দর হিলিতে ৩৮ কোটি ৬২ লাভ টাকা রাজস্ব আদায় ঘাটতি রয়েছে।
দিনাজপুর হিলিস্থলবন্দর আমাদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, হিলি স্থলবন্দরে ২০২১-২২ অর্থ বছরের প্রথম ছয় মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২২৭ কোটি ৮২ লাখ টাকা নির্ধারণ করা হয়। নির্ধারিত সময় গত ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে ১৮৯ কোটি ২০ লাখ টাকা। ঘাটতি রয়েছে ৩৮ কোটি ৬২ লাখ টাকা।
হিলি কাস্টমস্্ এর রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান বলেন, সরকারের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের জন্য আমরা সকলে কাজ করছি। কেননা এই স্থলবন্দর ব্যবহারকারীদের মধ্যে বিশেষ করে আমদানীকারকরা সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। তাই আমরা আশা করছি, চলতি বছরে বাকী ছয় মাস লক্ষ্যমাত্রা পূরণের মাধ্যমে রাজস্ব আদায় সন্তোষজনক হবে।
সূত্র মতে, চলতি অর্থ বছরের জুলাই মাসে ৩৩ কোটি ৫৮ লাখ, আগস্টে ২৬ কোটি ৬৯ লাখ, সেপ্টেম্বরে ৩৫ কোটি ১৯ লাখ, অক্টোবরে ৩৪ কোটি ৩১ লাখ, নভেম্বরে ৩২ কোটি ৫৪ লাখ এবং ডিসেম্বর ২৬ কোটি ৮৯ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। গত অর্থ বছরে লক্ষ্যমাত্রা পূরণ করে রাজস্ব আদায় হয়েছিল ৩৯৯ কোটি টাকা।





