সারা দেশ

রামগঞ্জ থানার লুট হওয়া অস্ত্রসহ মালামাল ফেরত আসছে

  • ''
  • প্রকাশিত ১০ অগাস্ট, ২০২৪

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রামগঞ্জ থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুট হওয়া অস্ত্র-গুলিসহ মূল্যবান মালামাল ফেরত দিচ্ছেন লুন্ঠনকারীরা। শনিবার (১০ আগস্ট) দুপুর পর্যন্ত ২টি শটগান, ২টি হেন্ডকাপ, ১টি রাইফেল, ২টি পিস্তল, ৫টি রাইফেলের উপরের অংশ ও ২টি লেপটপসহ ২০০ রাউন্ড গুলি ফেরত আসছে। ফেরতকৃত অস্ত্র ও মালামাল উপজেলা আনসার ব্যাটালিয়ানের হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন থানায় দায়িত্বে থাকা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান। উপজেলা প্রশাসন,সেনাবাহিনী ,ছাত্র ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এসব আস্ত্র ও মালামাল ফেরত দিয়েছেন তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোমবার (৫ আগস্ট ) ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিকাল ৪টার দিকে বিক্ষুব্ধ শত শত মানুষ রামগঞ্জ থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় থানায় থাকা অস্ত্র ও গোলাবারুদ লুটে নেয় তারা। অবস্থার অবনতি দেখে থানা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যান পুলিশ সদস্যরা।

পুলিশ কর্মস্থলে না থাকায় থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা। তবে থানা থেকে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে, সেই বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি তারা।

রামগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপির কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শুক্রবার থানার পুকুর থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়, এ ছাড়া ফেরত অস্ত্রসহ অন্যান্য মালামাল আনসার ব্যাটালিয়ানের হেফাজতে রয়েছে।পুলিশ এখনো থানায় দায়িত্ব নেয়নি। তাই আনসার- ভিডিপি সদস্যরা থানার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে, মাইকিং করে ও মসজিদে মসজিদে লুট হওয়া অস্ত্রগুলো ফেরত দিতে উপজেলাব্যাপী প্রচারণা চালানো হয়েছে। প্রচারণায় কেউ কেউ নিজ দায়িত্বে অস্ত্র ফিরিয়ে দিচ্ছেন। বাকী অস্ত্রসহ মালামাল ফেরত দেওয়ার জন্য আজও সুযোগ রয়েছে। আশাকরি মানুষ ফেরত দিবে। যদি ফেরত না দেয়,তা হলে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী আইনানুগ ভাবে ব্যবস্থা নিবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads