নির্বাচন

রামগতিতে ইউপি নির্বাচনে আ'লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ মার্চ, ২০২৩

মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাহেদ আলী মনুকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। তিনি উপজেলার চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন।
রোববার (৫ মার্চ) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল ওয়াহেদ মুরাদ এবং সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৬ মার্চ রামগতির চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে জাকির হোসেন চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনু স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই গত শনিবার (৪ মার্চ) উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তক্রমে গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা অনুযায়ী তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হলো।
বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা সাহেদ আলী মনু বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন থেকে শুরু করে ২৫ বছর দল করে ১৫ বছর এই পদে দায়িত্ব পালন করেছি। তবুও দলের অনিয়ম ও সুষ্ঠু বিচার না পাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে নিজেই অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।
তিনি আরও জানান, গত ১৯ ফেব্রুয়ারি আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্র দিয়েছি। এছাড়া জনগণের উপর আস্থা রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads