অপরাধ

রামপালে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ১

  • মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০২২

বাগেরহাটের রামপালে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন হয়েছেন। এ ঘটনায় খুনী চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। 

বাগেরহাটের পুলিশ পরিদর্শক (মিডিয়া সেল) এস,এম আশরাফুল আলম জানান, বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের গাববুনিয়ার কুমলাই গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত পৌনে ১০টার দিকে আঃ সাত্তার ও তার ছেলে আবু বক্করের সাথে কথা-কাটাকাটি হয় সাত্তারের চাচাতো ভাই মল্লিক দিদারুল আলমের (৫০) মধ্যে। এ সময় দিদারুলের নিজ বাড়ী উঠানে ফেলেই তার চাচাতো ভাই সাত্তার ও ভাতিজা বক্কর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। দিদারুলের ডাক চিৎকারে পরিবার ও প্রতিবেশী আত্মীয় স্বজনেরা সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ খবর পেয়ে মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল ও রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এ ঘটনায় রাতেই অভিযুক্ত আঃ সাত্তারকে গ্রেপ্তার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন।

তিনি বলেন, অপর আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ ঘটনার পর বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।   

নিহত মল্লিক দিদারুল আলম রামপালের বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের ইউনুস মল্লিকের ছেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads