রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের ১০ জন করোনা পজেটিভ এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ শুক্রবার (৪ জুন) রামেকের উপ-পরিচালক ডা. মো. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৬ জন এবং নওগাঁর একজন। এর আগে বৃহস্পতিবার রামেকে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হন আরও ৯৮ জন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে ২২৫ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩২ জন। তাদের মধ্যে রাজশাহীর ১৩, চাঁপাইনবাবগঞ্জের ১৫, পাবনার ৩ এবং নাটোরের একজন।
রাজশাহী মেডিকেলের আইসিইউতে শুক্রবার সকাল পর্যন্ত ১২ জন ভর্তি আছেন উল্লেখ করে তিনি বলেন, দ্রুতই রোগী বাড়ছে। হাসপাতালের বেড খালি থাকছে না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের দু'টি ল্যাবে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৫ জন।
এদিকে গত বুধবার (২ জুন) রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল জানান, রাজশাহীতে চলমান বিধিনিষেধের (লকডাউন) চারটি শর্ত বাড়িয়েছে।
জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব দোকানপাট বন্ধ, ৭টার পর জনসাধারণের ঘরের বাইরে বের হওয়া, সব ধরনের গণজমায়েত ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সব বিনোদনকেন্দ্রও বন্ধ রাখার নির্দেশ আরোপ করা হয়েছে।
ডিসি আরও জানান, জেলায় সপ্তাহ ধরে ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিনের করোনা টেস্টের বিপরীতে রাজশাহীতে সংক্রমণের হার ৪০ শতাংশের ওপরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে চলমান লকডাউনের মধ্যে চারটি শর্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি এসব শর্ত বাস্তবায়নে জেলা প্রশাসন কঠোরতা আনবে। তবে আম ও কৃষিপণ্য এসব নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।





