বিশ্ব

রাশিয়া ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে : ইউক্রেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ মার্চ, ২০২২

মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা বলেছেন, রাশিয়া ইউক্রেনীয়দের আক্রমণ করার জন্য ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে।

সোমবার কংগ্রেসে মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মারকারোভা বলেন, রাশিয়া থার্মোবারিক অস্ত্র ব্যবহার করেছে, যা ভ্যাকুয়াম বোমা নামে পরিচিত। অথচ, তা জেনেভা কনভেনশন অনুযায়ী নিষিদ্ধ।

ভ্যাকুয়াম বোমায় প্রচলিত গোলাবারুদ থাকে না। তবে এটি উচ্চচাপ তৈরি করে আশপাশের এলাকার অক্সিজেন টেনে নিয়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটায়।

ইউক্রেনের সংঘাতে থার্মোবারিক অস্ত্র ব্যবহার করা হয়েছে, এমন কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে সিএনএন জানিয়েছে, তাদের একটি দল শনিবার বিকেলে ইউক্রেন সীমান্তের কাছে একটি রাশিয়ান থার্মোবারিক মাল্টিপল রকেট লঞ্চার দেখতে পেয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, তিনি রিপোর্টটি দেখেছেন। তবে রাশিয়া যে এই ধরনের অস্ত্র ব্যবহার করেছে, তার নিশ্চিত নয়।

তিনি বলেন, যদি এটি সত্য হয়, তবে এটি সম্ভাব্য যুদ্ধাপরাধ হবে।

এদিকে ম্যাক্সার টেকনোলজিসের নতুন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে রাশিয়ান সামরিক বহর কিয়েভের উপকণ্ঠে পৌঁছেছে। ম্যাক্সার আরও জানায়, বিশাল সামরিক বহরে সাঁজোয়া যান, ট্যাঙ্ক, কামান এবং অন্যান্য লজিস্টিক্যাল যান রয়েছে।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির অন্যতম শহর খেরসনে আবারও হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা।

মঙ্গলবার (১ মার্চ) ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রুশ সেনারা রাজধানী কিয়েভে আবার আক্রমণ শুরু করেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে সতর্ক করে বলেছেন, কিয়েভের চারপাশের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। যদিও শত্রুরা আক্রমণের ক্ষমতা হারাচ্ছে, তবে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে গুলি চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রুশ সেনারা দক্ষিণে মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর খেরসনে হামলা শুরু করেছে।

খেরসনের আঞ্চলিক রাজ্য প্রশাসন ফেসবুকে জানিয়েছে, শহরটি রাশিয়ান সৈন্যরা ঘিরে ফেলেছে কিন্তু এখনও দখল করেনি।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads