বিশ্ব

রুশ হামলায় ইউক্রেনের ২২৭ জন নিহত, দেশ ছেড়েছে ১০ লাখ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ মার্চ, ২০২২

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হামলায় দেশটির অন্তত ২২৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এছাড়া আহত হয়েছে আরও ৫২৫ জন।

যদিও ইউক্রেনের প্রশাসনের দাবি এ পর্যন্ত দেশটির ২ হাজারের বেশি নাগরিকের প্রাণহানি হয়েছে। এছাড়া রাশিয়ার ৪৯৮ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধ শুরুর পর এ প্রথম প্রাণহানির কথা স্বীকার করল রাশিয়া। যদিও ইউক্রেনের দাবি নিহত রুশ সেনার সংখ্যা এর ১০ গুণ বেশি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, যুদ্ধের এক সপ্তাহে ইউক্রেন থেকে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে অন্তত দশ লাখ মানুষ।

এর আগে, রাজধানী কিয়েভের দিকে দীর্ঘ গাড়িবহর নিয়ে রুশ বাহিনী এগোচ্ছে বলে খবর প্রকাশ পায়। তবে, পেন্টাগন জানাচ্ছে ইউক্রেনের সেনাদের প্রতিরোধের কারণে গেল ২৪ থেকে ৩৬ ঘণ্টায় তারা খুব বেশি এগোতে পারেনি।

বুধবার এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের সেনারা রুশ বাহিনীকে থামাতে সক্ষম হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সে প্রভাব পড়েছে অর্থনীতিতে। ১২ই মার্চ থেকে আন্তর্জাতিক ব্যাংকগুলোর সুইফট পেমেন্ট নেটওয়ার্ক সিস্টেম থেকে রাশিয়ার সব ব্যাংককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, যুদ্ধ থামাতে কূটনীতির পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। চলমান পরিস্থিতিতেই ইউরোপের কয়েকটি দেশে সফর করতে যাচ্ছেন ব্লিঙ্কেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads