রূপপুরে কাজাখস্তানের নাগরিককে কুপিয়ে হত্যা

সংগৃহীত ছবি

জাতীয়

রূপপুরে কাজাখস্তানের নাগরিককে কুপিয়ে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মার্চ, ২০২২

পাবনার ঈশ্বরদীতে ভালাদিমির শভেটস (৫২) নামের কাজাখস্তানের এক নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে এ ঘটনা ঘটে। এ সময় বেরেজনয় অ্যান্ডে নামের কাজাখস্তানের আরেক নাগরিক আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শনিবার সন্ধ্যায় গ্রিনসিটির ভবনের একটি কক্ষে কয়েকজন বেলারুশের নাগরিক ও কাজাখস্তানের নাগরিকের মধ্যে মারামারি হয়। এসময় ধারালো কিছু দিয়ে কাজাখস্তানের নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে অবস্থিত রূপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় কাজাখস্তানের আরেক নাগরিক বেরেজনয় অ্যান্ডে আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় বেলারুশের তিন নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় এনেছে।

নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চার-পাচঁটি চিহ্ন রয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এ মুহূর্তে বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না বলে জানান ওই কর্মকর্তা।

ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, নিহত ভালাদিমির শভেটস রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে থানায় নিয়ে এসেছে। ভাষাগত সমস্যার কারণে পুরো বিষয়গুলো বুঝতে আমাদের সমস্যা হচ্ছে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads