বান্দরবানের রোয়াংছড়ির নোয়াপতং এর আলেচু পাড়ায় (মহিলা কারবারি) ঞংবাংম্রং নামের ঝিরি থেকে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর নাম চুইরংমা মার্মা (৪৫)। সে ৪নং নোয়াপতং ইউনিয়ন ৮নং ওয়ার্ডের আলেচু পাড়ার (মহিলা কারবারী) বাসিন্দা এবং ফাথুই মার্মার মেয়ে।
গত বুধবার নিজ বাড়ির পাশের ঝিরিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, বুধবার জমি থেকে হলুদ তুলতে যায় ওই নারী। সেখানে একা পেয়ে জঙ্গলে কাঠ কাটতে যাওয়া একদল কাঠুরিয়া তাকে ধর্ষণ করার পর গলাকেটে হত্যা করে ঝিরিতে ফেলে যায়।
পরে স্থানীয়রা তার সন্ধান করতে গিয়ে বৃহস্পতিবার সকালে এলাকার ঝিরিতে তার লাশ দেখতে পায়। এ ঘটনার পর পুলিশে খবর দিলে স্থানীয় লোকজন, পুলিশ, সেনাবাহিনী ও দমকলবাহিনীর লোকজন তার লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, নিহত নারীর ছেলে বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন, তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।





