আইন-আদালত

লক্ষ্মীপুরে ডাবল মার্ডার ঘটনায় জিহাদিসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ এপ্রিল, ২০২৩

মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে প্রধান করে ৩৩ জনকে আসামি করা হয়।
বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে নিহত নোমানের বড় ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা করেন। এ মামলায় কাশেম জেহাদীসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কাশেম জেহাদী চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ ও মামলা সূত্র জানা যায়, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় সন্ত্রাসীরা যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মাথায় ও মুখে গুলিবিদ্ধ হয়ে তারা মারা গেছেন বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারে হোসেন। এ ছাড়াও মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বুধবার বাদ আছর জানাজার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ঘটনার ২৭ ঘণ্টা পর আওয়ামী লীগ নেতা কাশেম জেহাদিসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, বাদীর করা এজাহার হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads