লালমনিরহাট জেলা শহরের হাসপাতাল রোডে সাপটানা এলাকায় ট্রাক্টর চাপায় দয়াল চন্দ্র রায় নামের এক চায়ের দোকানি নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দয়াল চন্দ্র কালিবাড়ী রোডে চায়ের দোকান করতো। সে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে সাপটানা থেকে হেঁটে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন দয়াল চন্দ্র। এ সময় বালু বোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে গেলে ট্রাক্টরের চাকা তার উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।





