লালমনিরহাটে নির্বাচনী সহিংসতায় আহত ১৫

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, আটক ৪

লালমনিরহাটে নির্বাচনী সহিংসতায় আহত ১৫

  • এসকে সাহেদ, লালমনিরহাট
  • প্রকাশিত ২১ ডিসেম্বর, ২০২১

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারণার সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছে। গত সোমবার রাতে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার সকালে একে অপরকে দায়ী করে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন দুই চেয়ারম্যান প্রার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান সাতা’র উঠান বৈঠক ছিলো। একই সময় ওই এলাকায় গণসংযোগে যান আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী সেলিম হোসেনের কর্মীরা। এ সময় দুই প্রার্থীর কর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। ওই সংঘর্ষে উভয় প্রার্থীর কমপক্ষে ১৫জন কর্মী সমর্থক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় হাসপাতালে আবারও সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ ৪জনকে আটক করে।

এদিকে এ ঘটনায় একে অপরকে দায়ী করে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেন আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী। সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দাবী করেন, স্বতন্ত্র প্রার্থী জামাত নেতা হাবিবুর রহমান সাতা বহিরাগত সন্ত্রাসী দিয়ে তার কর্মীদের উপর হামলা চালায়। আর স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান সাতা অভিযোগ সত্য নয় দাবী করে সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ প্রার্থীর লোকজন তার নির্বাচনী প্রচারনায় বাঁধা দিচ্ছেন এবং হুমকি দিচ্ছেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads