সারা দেশ

লালমনিরহাট ইউপি নির্বাচনের আগের রাতের সংঘর্ষে ৬জন আহত

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর, ২০২১

জেলার আদিতমারী উপজেলায় নির্বাচনের আগের রাতের সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর ৫ সমর্থকসহ ৬ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার (১০ নভেম্বর) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া আবলারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আবলার বাজার এলাকার বারঘড়িয়া গ্রামের নৌকার সমর্থক তমিজার রহমানের ছেলে আহসান হাবীব (১৯), একই গ্রামের মোটরসাইকেলের সমর্থক সাবেক চেয়ারম্যান শামছুল হকের ছেলে লিটন মিয়া(৩৫) ও তার ভাই মিলন মিয়া (৪০), মহিষখোচা গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল ভুষকুড়া (২৫), সর্দাপাড়া গ্রামে খতিব উল্লার ছেলে আজিম (২০), একই গ্রামের জয়নাল খানের ছেলে সিরাজুল খাঁন (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মহিষখোচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতাজ উদ্দিন। তিনি রাতে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আবলারবাজার এলাকায় পৌঁছলে নৌকা প্রতীকের সমর্থকরা তাকে আটক করে রাতে বাইরে আসার কারণ জানতে চান। এ সময় দুই প্রতীকের সমর্থকরা জড়ো হলে হট্টগোল বাঁধে। এর একপর্যায়ে প্রার্থীকে আটকের খবর ছড়িয়ে পড়লে সমর্থরা ছুটে আসেন। 

এ সময় উভয়পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে নৌকা প্রতীকের একজনসহ উভয়পক্ষের ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে লিটন ও আহসান হাবীবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানান, নির্বাচনের দুইপক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা আবু জাফর বলেন, সবার সার্বিক সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোট গ্রহন হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলোতে পুলিশ, রা্ব বিজিবি ও আনসার বাহিনীর কঠোর নজরদারী ছিল। 

এদিকে সকাল থেকে  উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় ধাপে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১ লাখ ৭৮ হাজার ২৫০ জন ভোটার। এর মধ্যে ৮৯ হাজার ৬২৫ জন পুরুষ ও ৮৮ হাজার ৬২৫ জন নারী ভোটার রয়েছে। ভোট কেন্দ্র ৬৪টি। 

উক্ত ৮টি ইউনিয়নে ৩৯ চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads