লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রতীকী ছবি

সারা দেশ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ মার্চ, ২০২২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নুরুল হুদা আশরাফী সবুজ (৩৫) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছে শনিবার দুপুরের রংপুর ৬১ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার ভোর ৫টায় পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তে এ ঘটনাটি ঘটে।  আহত গুলিবিদ্ধ নুরুল হুদা আশরাফী সবুজ (৩৫) উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর ২নং ওয়ার্ডের সৈয়দ আলী ছেলে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তের মেইন পিলার নাম্বার-৮৬৮ সাব পিলার-৫ হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে কোকার বাড়ি নামক স্থানে ১০/১২ জনের একটি দল ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ান চেনাকাটা ক্যাম্পের টহল দল তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে নুরুল হুদা আশরাফী সবুজের কোমরে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরবর্তীতে তার সহকর্মীরা আহত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসে গোপনে রংপুর ধাপ এলাকার একটি বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।

জোংড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য আজিজুল হক মানিক বলেন, ‘শুনেছি কোমরের নিচে গুলি লেগে ভুট্টা খেতে পড়েছিল। তার সঙ্গীরা তাকে পাটগ্রাম হাসপাতালে ও পরে রংপুরে নিয়ে গেছে। রক্ত দিয়েছে এখন একটু সুস্থ আছে।’   

বর্ডার গার্ড বাংলাদেশ, রংপুর (তিস্তা-২) ৬১ বিজিবি ব্যাটালিয়নের নাজির গুমানি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রশিদ খান বলেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি শুনেছি।  খবর নিয়ে জানাতে পারব।’  

জগতবের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, জগতবের ইউপির নাজিরগুমানি সীমান্তে এ ঘটনাটি ঘটে। ওই গুলিবিদ্ধ যুবকের বাড়ি পরবর্তী ইউনিয়নে। এর আগে. গত ১৬ মার্চ বিএসএফের গুলিতে পুর্ব জগতবের ইউনিয়নের রেজাউল ইসলাম (৩৪) নামে এক যুবক নিহত হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর ৬১ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার বলেন, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে চিঠি দিয়েছি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads