বিদেশ

শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৯ অক্টোবর, ২০২০

ক্ষুধা দূরীকরণে অবদান রাখায় এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাতিসংঘের অঙ্গ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি। খবর সিএনএন

আজ শুক্রবার নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩ টা) রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।

ক্ষুধা মোকাবিলা, সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠা, সংঘাত এবং যুদ্ধে ক্ষুধাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে বিরত রাখতে অসামান্য অবদান রাখায় সংস্থাটিকে ২০২০ সালের শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

জাতিসংঘের সহায়তা সংক্রান্ত একটি শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি। এটি ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা।

বিশ্ব খাদ্য কর্মসূচির নিজস্ব তথ্যমতে, সংস্থাটি প্রতি বছর ৭৫টি দেশে আট কোটি লোককে খাদ্য সহায়তা দান করে। সংস্থাটির সদর দফতর রোমে অবস্থিত। সারা বিশ্বে এর ৮০টিরও বেশি শাখা আছে।

এগুলোর মাধ্যমে বিশ্ব খাদ্য কর্মসূচি এমন সব মানুষকে সাহায্য করে, যারা নিজেদের জন্য এবং পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ খাবার উৎপাদন কিংবা আহরণ করতে অক্ষম। সংস্থাটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের নির্বাহী কমিটির সদস্য।

এদিকে ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার পান ইথিওপিয়ার সংস্কারপন্থী প্রধানমন্ত্রী আবি আহমেদ। মূলত দুই দশক ধরে প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে চলা যুদ্ধের অবসান ও দেশটির মধ্যে জাতিগত সংঘাত নিরসনের ইথিওপিয়ার আমূল সংস্করের কারিগর হিসেবে তাকে সেবার শান্তিতে নোবেল দেয়া হয়।

এছাড়া এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি লুইস গ্লুক। রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের ইমানুয়েল শরপেনটির ও যুক্তরাষ্ট্রের জেনিফার এ দোনা। পদার্থে নোবেল পেয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, মার্কিন জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল ও জার্মান পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজতিন বিজ্ঞানী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads