হবিগঞ্জ প্রতিনিধি:
চলমান দাবদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। কিন্তু ব্যতিক্রম কেবল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিলেও তা মানছে না এই স্কুলটি।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিনের ন্যায় রোববারও (২১ এপ্রিল) ছাত্র-ছাত্রীরা স্কুলে যাচ্ছে। শিক্ষক শিক্ষার্থীদের ভাষ্য, আজ বিদ্যালয় বন্ধের বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের। তাই যথা নিয়ম মেনেই সকাল থেকেই স্কুলে উপস্থিত হয়েছেন তারা।
জানতে চাইলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্ল্যা বলেন, স্কুলটি খোলা এবিষয়টি তিনি অবগত নন, তবে খোঁজ নিয়ে দেখবেন।
এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমার ছেলে ৬ষ্ট শ্রেণিতে পড়ে। ১ম সাময়িক পরীক্ষা চলছে তাই বাচ্চা পরীক্ষায় না এলে পড়াশোনায় অন্যদের চেয়ে পিছিয়ে যাবে। তাই বাধ্য হয়ে প্রচন্ড গরমের মধ্যেই বাচ্চাকে স্কুলে নিয়ে আসতে হয়েছে। কিন্তু গত পরীক্ষার দিন আমার বাচ্চা মাথায় ঘুরিয়ে পড়ে গিয়েছিল।
মোশাহিদ আহমেদ নামে এক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় সরকার যেহেতু স্কুল কলেজ বন্ধ দিয়েছে তাই ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল কর্তৃপক্ষও সরকারি নির্দেশনাটি মানা উচিৎ বলে আমি মনেকরি। পরীক্ষা চলছে তাই বাধ্য হয়েই আমার ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে স্কুলে পাঠিয়েছি।
প্রচন্ড গরমে তাদের সন্তানদের কথা চিন্তা করে অনেক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে পত্রিকা অফিসে ফোন দিয়ে স্কুল খোলার বিষয়টি অভিযোগ করেছেন।
প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক বলেন, একটি মূল্যায়ন পরীক্ষা ছিল তাই আজ স্কুল খোলা রেখেছি। আগামীকাল থেকে বন্ধ থাকবে।





