শিগগিরই আসছে বিধিনিষেধ

হাসপাতালে রোগীর চাপ হঠাৎ বেড়ে গেছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ থেকে তোলা

সংগৃহীত ছবি

জাতীয়

করোনা শনাক্ত বেড়েছে চারশ গুণ

শিগগিরই আসছে বিধিনিষেধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৯ জানুয়ারি, ২০২২

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৪০০ গুণ বেশি। আক্রান্তের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে। তাই সংক্রমণ ঠেকাতে কারিগরি কমিটির প্রস্তাবনা অনুযায়ী দুই একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপ করা কথা ভাবছে সরকার। এছাড়া দেশে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ২১ জনের মধ্যে ১৪ জনই নারী এবং বাকিরা পুরুষ।

 গতকাল শনিবার মানিকগঞ্জের এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ২-১ দিনের মধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলো পুনরায় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সকল হাসপাতাল ও নার্স-চিকিৎসকরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ডেল্টার মতো ওমিক্রনও মোকাবিলা করা হবে। তবে রোগী ধারণক্ষমতার বেশি হলেই সমস্যা হবে। সেই সমস্যা এড়াতে সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই এখনো অর্থনীতির চাকা ঘুরছে। কল-কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে। এই পরিস্থিতি বজায় রাখার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি এখনো হয়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্তের হার অতিরিক্ত বাড়লে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সকল দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না। বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সকল পরিবহনে অর্ধেক যাত্রী বহন করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

গত ৩ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা হয়েছে। এতে ওমিক্রন নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। আলোচনায় যেই বিষয়টি পয়েন্ট আউট করা হয়েছে, সেটা হলো ভ্যাকসিনটা আরও জোরদার করতে হবে। বুস্টারটাকে আরো কীভাবে কমফোর্ট্যাবল ও বিস্তৃত করা যায় সেটা দেখতে হবে। এছাড়া ওমিক্রন প্রতিরোধে, আমরা এখন থেকে রেস্টুরেন্ট, শপিংমল, প্লেন, ট্রেন ও লঞ্চে যারা উঠবে তাদের একটা টাইম দিয়ে, ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া কেউ যাতে না ওঠে। সেরকম একটা চিন্তা-ভাবনার দিকে যেতে হবে।

এছাড়া বাড়ির বাইরে কোনোক্রমেই মাস্ক ছাড়া যাওয়া যাবে না জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মাস্ক পড়তে এখন থেকেই মোটিভেশন ও প্রোমোশনার কাজ করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী বা মোবাইল কোর্টের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা হবে।

জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে জানা গেছে, দেশে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ২১ জনের মধ্যে ১৪ জনই নারী এবং বাকিরা পুরুষ।

জিআইএসএআইডি সূত্র জানায়, দেশে গত ১১ ডিসেম্বর প্রথম দুজন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। এরপর গত ৬ জানুয়ারি দেশে ১০ জন,  ৩১ ডিসেম্বর তিন জন, এর আগে ২৮ ডিসেম্বর তিনজন এবং আগের দিন ২৭ ডিসেম্বর রাতে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি। 

গতকাল স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশে। 

বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, কোনো দেশে টানা দুই সপ্তাহ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে সে দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে বলে ধরা হয়। সে হিসাবে দেশে করোনা সংক্রমণ হার নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও ফের মাত্রা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। করোনাভাইরাসের তৃতীয় ঢেউ কি দেশে চলেই এলো- এমন প্রশ্নের মধ্যে গত ২১ সেপ্টেম্বরের পর শুক্রবার প্রথমবারের মতো পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশ ছাড়িয়ে গেছে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চাপ কমাতে নানামুখী উদ্যোগ নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সম্প্রতি শাহ আমানতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে। বেবিচক আশা করছে, এতে করে একটি বড় অংশের যাত্রীকেই আর ঢাকামুখী হতে হবে না।

কোভিড পরিস্থিতির কারণে এত দিন বিদেশ যাওয়া-আসার ক্ষেত্রে যাত্রীদের নির্ভর করতে হতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্ট ল্যাব চালু হওয়ায় মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইনসগুলোকে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করতে বলা হয়েছে। এখান থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী যাত্রী যাওয়া-আসা করতে পারবেন। তাদের আর ঢাকামুখী হতে হবে না। এত দিন শাহ আমানত বিমানবন্দরে করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছিল। তারা দুই-তিনটি প্রতিষ্ঠানকে পিসিআর ল্যাব স্থাপনের দায়িত্ব দিয়েছে। তবে যারা আগে টিকিট কেটেছে তাদের ঢাকা থেকেই যাওয়া-আসা করতে হবে। নতুন করে যারা টিকিট করবেন, তারা এ সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads