সারা দেশ

শিমুলিয়া ফেরি ঘাটে যাত্রীর চাপ, ঠিকমতো পারাপার করা যাচ্ছেনা যানবাহন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৭ মে, ২০২১

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় জমেছে।

আজ শুক্রবার (৭ মে) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তিগত ও ভাড়া করা যানবাহনে করে গন্তব্যে পৌঁছাতে ফেরিঘাট এলাকায় জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। এতে ফেরিতে হুমড়ি খেয়ে অতিরিক্ত যাত্রী ওঠায় বিঘ্নিত হয়ে পরেছে গাড়ি পারাপার। কোন রকম স্বাস্থ্যবিধি না মেনে নাড়ির টানে নিজ গন্তব্যে ছুটছে মানুষ।

ট্রাফিক পুলিশ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বললেও মানুষের চাপ এতো বেশী ছিলো যে, স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে পারছেনা আইনশৃঙ্গলা বাহিনী। তারা বার বার মাস্ক পড়ার জন্য অনুরোধ করলেও সামাজিক দুরত্বতো দূরের কথা একজন অপরজনের উপর হুমড়ি খেয়ে উঠছেন ফেরীতে।

শুক্রবার দুপুরে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ছিলো ৮শত যানবাহন। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারনে সরকার ঘোষিত লকডাউনে গণপরিবহন বন্ধ রয়েছে। এদিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লকডাউনে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা হুড়োহুড়ি করে ফেরিতে উঠছে। এতে ফেরিতে পড়েছে অত্যধিক চাপ। অধিক যাত্রীর চাপে ফেরিতে বিঘ্নিত হচ্ছে গাড়ি পারাপার। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।

লৌহজং মাওয়া ঘাটের ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন দুপুরে জানান, শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় প্রায় ৮শত গাড়ি আটকে রয়েছে। এগুলোর অধিকাংশই ব্যক্তিগত গাড়ি। এর মধ্যে প্রাইভেট কারের সংখ্যাই বেশি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, সামনে ঈদ ও আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় ঘাটে দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষ আসছে। লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপে গাড়ি পারাপার করতে অসুবিধা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads