সরাসরি সুন্দরবন অপারেশনে নামলেন নির্মাতা দীপঙ্কর দীপন। গতকাল সকালে সুন্দরবন থেকে দীপন বললেন, ‘২০১৮ সালের এপ্রিল মাস থেকে ছবিটির প্রাথমিক কাজ শুরু করেছি। এর মধ্যে অনেক জটিলতা পার করতে হয়েছে আমাকে। অনেক শঙ্কা পেরিয়ে আজ সেটি বাস্তবায়নের পথে। আনুষ্ঠানিকভাবে শুটিং শুরু করেছি আমরা। সবার দোয়া ও শুভকামনা চাই।’
‘ঢাকা অ্যাটাক’ ঝড়ের পর নতুন অপারেশন শুরু করতে লম্বা সময় নিলেন এই নির্মাতা। মাঝে একাধিক ছবির উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মাঠে গড়ালো বড় ক্যানভাসের চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’।
দীপন জানান, গতকাল শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা জেলার বুড়ি গোয়ালিনী এলাকায় শুরু হলো সিনেমাটির প্রথম লটের শুটিং। অভিনয়শিল্পী হিসেবে যাতে অংশ নিলেন মনোজ প্রামাণিক ও সামিনা বাশার। শনিবার থেকে এই ইউনিটে যুক্ত হবেন রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম, রোশান ও তাসকিন।
দীপংকর দীপন বলেন, ‘আজ থেকে টানা ১৬ দিন শুটিং করব। এর মধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ১১ দিন পুরো ইউনিট থাকবে সুন্দরবনের গহীনে। এরপর আমরা খুলনা এলাকায় শুটিং করব। ৫ জানুয়ারি পর্যন্ত সেখানে শুটিং চলবে। এরপর ফিরে আসব ঢাকায়। পরিকল্পনা করব পরের লটের।’
দীপন জানান, সিনেমার কাস্টিং নিয়ে আরো কিছু সারপ্রাইজ আছে। আরো বিশেষ কয়েকজন তারকার নাম ঘোষণা করা হবে শিগগিরই। অন্যদিকে শুটিং শুরুর প্রথম দিন থেকেই ইউনিটের বিষয়ে রয়েছে সর্বোচ্চ সতর্কতা। দীপন জানান, তারা চান না, শুটিং শেষ হওয়ার আগে শিল্পীদের কোনো লুক কিংবা ইউনিটের ছবি প্রকাশ হোক।
এদিকে শুটিং শুরুর আগেই সিনেমাটির শিল্পীদের নিয়ে মহড়ার আয়োজন করা হয়। এতে অভিনয় শিল্পীদের বিশেষ ট্রেনিং দিয়েছেন দীপংকর দীপনের সঙ্গে র্যাব কর্মকর্তারাও। শুধু তা-ই নয়, শুটিং চলাকালীনও থাকছে র্যাব কর্মকর্তাদের আন্তরিক উপস্থিতি। প্রথম কারণ শিল্পী-কুশলীদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্বিতীয় কারণ ছবিটির বিভিন্ন দৃশ্যে সহযোগিতা করে বাস্তব করে তোলা ক্যামেরার ফ্রেমে।
মহড়ায় নুসরাত ফারিয়া ও সিয়ামের বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। র্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।
সিনেমাটিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, তাসকিন রহমান, রিয়াজ, সামিনা বাশার, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ অনেকে।
নির্মাতা জানান, ২০২০ সালের ঈদুল আজহায় এটি মুক্তির পরিকল্পনা নিয়েই এগুচ্ছেন তারা।





