ঝিনাইদহের শৈলকুপায় পাট বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ জুলাই) রাত ১১টার দিকে চন্ডিপুর, বারইপাড়া ও নাটোর জেলার র্যাব ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শৈলকুপা উপজেলার মধুপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫), চন্ডিপুর গ্রামের বসীর উদ্দিনের ছেলে বিল্লাল আহম্মেদ (৩৫) ও বারইপাড়া গ্রামের আবেদ মোল্লার ছেলে হাসেম মোল্লা (৩৭)।
পুলিশ জানায়, গত জুন মাসের ৯ তারিখ রাতে শৈলকুপা উপজেলার চাঁদপুর ব্রীজের উত্তর পাশে পাট বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ১০ জনের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। সেসময় উদ্ধার করা হয়েছিল পাট ভর্তি ট্রাক। ঘটনার সাথে জড়িত আরো ৩ আসামি পলাতক ছিল।
পলাতক ৩ জনকে গত শুক্রবার রাতে চন্ডিপুর, বারইপাড়া ও নাটোর জেলার র্যাব ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।





