শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে ইজাহিদ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মনোয়ার হোসেন মোল্লার ছেলে ও বাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। এ নিয়ে এ উপজেলায় সাপের কামড়ে গত দেড় মাসে শিশুসহ ৯জনের মৃত্যু হলো।
জানা যায়, শুক্রবার রাতে শিশুটি তার বাবার সাথে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১০টার দিকে শিশু ইজাহিদকে একটি বিষধর সাপে দংশন করে। পরিবারের সদস্যরা তাকে গ্রামের একটি কবিরাজের কাছে নিয়ে চিকিৎসা করে। কবিরাজের ঝাড়-ফুক চলাকালীন শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।





