ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী কোটা সংস্কার আন্দোলনকারীদের মোর্চা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুরকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি ও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। টিএসসিতে গিয়ে তিনি নুরের সঙ্গে কোলাকুলি করেন এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
আজ মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন নেতাকর্মীদের নিয়ে টিএসসির মিলনায়তনে প্রবেশ করে নুরুল হক নূরের সাথে কোলাকুলি করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমি পারিনি তো কী হয়েছে, আমাদের সবার চাওয়া-পাওয়া নুরুল হক পূরণ করবে।’
তিনি এসময় নুরুল হক সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
অপরদিকে নুরুল হক নূর এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ওপর যে হামলা হয়েছিল তার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেছিলাম। তা প্রত্যাহার করে নিলাম। আমার ওপর ছাত্রলীগ যে হামলা করেছে, সেটার বিচারের দায়িত্ব আমি ছাত্রলীগ সভাপতির ওপর দিলাম।’
নির্বাচনে অনিয়ম ও পুনর্নির্বাচনের দাবির বিষয়ে নবনির্বাচিত ভিপি বলেন, ‘আমরা একটা দৃষ্টান্তমূলক নির্বাচন চেয়েছিলাম। কিন্তু বিভিন্ন অনিয়মের কারণে সেই আশা পূরণ হয়নি। আর ছাত্রলীগের সাধারণ সম্পাদকও পুনর্নির্বাচন চেয়েছেন, সে জন্য আমিও পুনর্নির্বাচনের জন্য প্রশাসনকে বলব।’
উল্লেখ্য, ২৮ বছর পর সোমবার ডাকসুতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগ সভাপতি শোভন নুরুল হক নুরের কাছে পরাজিত হন।





