শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গত কয়েক দিনের অসহযোগ আন্দোলনে গাজীপুরের শ্রীপুর ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্বও পালন করেন।
বুধবার (৭ আগষ্ট) সকাল হতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার মাওনা চৌরাস্তা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের ময়লা বর্জ্য পরিষ্কারে কাজ করেছেন শিক্ষার্থীরা দল বেঁধে। কেউ কেউ হাতে ঝাড়ু নিয়ে সড়ক পরিষ্কার করছেন। কেউ কেউ ময়লা বস্তায় ভরে সড়কের একপাশে রাখছেন। কেউ বেলচা দিয়ে ময়লা বর্জ্য জমা করছেন। এ সময় রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক সচেতন মানুষ। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করছেন সর্বস্তরের জনগণ। উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে রাস্তাঘাটের ময়লা-বর্জ্য পরিষ্কারে নেমেছি। এর পাশাপাশি রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছি।
আমরা চাই আমাদের এ কাজ দেখে সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসুক। একটি সুন্দর পরিচ্ছন্ন সোনার বাংলা হয়ে উঠুক। মহাসড়কের ময়লা আবর্জনা অপসারণ করতে আসা শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারসহ এক দফা দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী যেভাবে একত্রে সড়ক নেমে এসে দাবি জানিয়েছে তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষর্থীরা মহাসড়ক থেকে ময়লা আবর্জনা অপসারণে সড়কে নেমে এসেছে। এ সময় শিক্ষার্থীরা ঝাড়ু দিয়ে মহাসড়ক পরিষ্কার করে ময়লা আবর্জনা বস্তায় ভরে নির্দিষ্ট ডাম্পিং এরিয়ায় নিয়ে যান। এসময় তাদের পানি ও শুকনো খাবার দিচ্ছেন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘ দিনের অসহযোগ আন্দোলনের কারণে গাজীপুরের শ্রীপুর সহ বিভিন্ন উপজেলা ও বিভিন্ন সরকারি স্থাপনায় ময়লার স্তূপে রুপ নিয়েছে।
তাই তারা নিজেদের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। যেহেতু শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনের মুখে দেশের মানুষের বিজয় অর্জন হয়েছে। তাই সব শ্রেণি-পেশা ও সকল রাজনৈতিক দলসহ সাধারণ মানুষকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। এলাকাবাসী বলছেন, সড়ক থেকে ময়লা আবর্জনা অপসারণের পাশাপাশি শিক্ষার্থীদের মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের মতো কাজ করছে এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। আমাদের সবাইকে তাদের সাপোর্ট করা উচিৎ। এছাড়াও তারা গতরাতে মন্দির পাহারা দিয়েছে।





