শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে আজিদা বেগম (৩৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথা ও শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। রোববার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার নগর হাওলা গ্রামের বাবুল খানের ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিদা বেগম নেত্রকোণা জেলার কলমা কান্দার হাইলাটি গ্রামের মৃত রুমালীর মেয়ে। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাবুল খানের ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ কক্ষের দরজা তালা ভেঙে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে। বাড়ির মালিক বাবুল খান জানান,৯ মাস আগে ওই নারী তার কাছ থেকে টিনসীট একটি কক্ষ ভাড়া নেন। ভাড়া নেওয়ার ৪ মাস পর তাঁর স্বামী বাসায় আসেন। সে স্থানীয় জৈনা বাজার পাবনা হোটেলে কাজ করতেন। গত শুক্রবার রাত ৯ টার দিকে স্বামীসহ ওই নারী ভাড়া বাসার কক্ষে প্রবেশ করে। পরে আর স্বামীর দেখা পাওয়া যায় নি। রোববার সকালে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেন।
জৈনা বাজার পাবনা হোটেলের মালিক বলেন দুলাল মিয়া বলেন,ওই নারী আমার হোটেলে কাজ করতেন। শুক্রবার থেকে সে কাজ করতে আসতো না।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মাতবর বলেন,নিহত আজিদা স্থানীয় বাবুল খানের বাসায় ভাড়া থেকে জৈনা বাজার পাবনা হোটেলে কাজ করতেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে হত্যা করেছে এটা এখনো জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।





