গাজীপুরের শ্রীপুরে জবর দখলে থাকা বনের উদ্ধার হওয়া জমিতে মিশ্র বনায়নের কাজ শুরু করেছে বন বিভাগের লোকজন।
আজ রোববার গোসিংগা ইউনিয়নের পাচলটিয়া মৌজার হেরাপটকা গ্রামে দিনব্যাপি উদ্ধার হওয়া বনের জমিতে বনজ ও ওষুধি গাছ রোপন করা হয়। পর্যায়ক্রমে এ মৌসুমে ২৫ হেক্টর বনের জমিতে মিশ্র বাগান সৃজন করা হবে। নিয়মিত অভিযান করে দখলদারদের কবলে থাকা বনের জমি উদ্ধারের কাজ চলছে।
স্থানীয়রা জানান, বনের দেড় একর জায়গা দখলে নিয়ে ঘর নির্মান করে সেখানে পোল্ট্রি ফার্মের জন্য সেড তৈরি করেছিলেন এক পোল্ট্রি ব্যবসায়ি। পরে বনবিভাগের অভিযানে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। গত মাসে অভিযান চালিয়ে এ সব বেদখল হওয়া জমি উদ্ধার করা হয়েছিল। পরে আজ বনায়নের কাজ করা হয় উদ্ধার করা সে সব বনের জমিতে।
বনবিভাগ সূত্র জানায়, বনের প্রায় দেড় একর জমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করেছিলেন পটকা গ্রামের নাঈম সিকদার । পরে তিনি সে দখলকৃত জায়গা পাশের ভাংনাহাটি গ্রামের আসাদ মিয়ার কাছে ফার্মের সেড তৈরির জন্য ভাড়া দেন। বনের জমি দখল করে মুরগির খামার তৈরি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে বেদখল হওয়া দেড় একর বনের জমি উদ্ধার করা হয়েছিল।
শ্রীপুর সদর বিট কর্মকর্তা সজীব মজুমদার বলেন এক মাস আগে উদ্ধার হওয়া বনের জমিতে বনায়নের কাজ শুরু করা হয়েছে। এ সব জমিতে মিশ্র প্রজাতির বনায়ন করা হবে।
এ সব জমিতে শিমুল,কদম,জামরুল,জারুল,নিম,হরি তকি,বহেরা,বাজনা,আমলকি অর্জুনসহ বিভিন্ন ওষুধি, বনজ ও ফলদ গাছের চারা রোপন করা হবে। তিনি বলেন এ মৌসুমে ২৫ হেক্টর বনের জমিতে সৃজনশীল মিশ্র বাগান করার পরিকল্পনা রয়েছে আমাদের । তিনি আরো বলেন বনের জমি কেউ অবৈধভাবে দখল করে রাখতে পারবে না। আমরা নিয়মিত অভিযান অব্যাহত রাখব।





