গাজীপুরের শ্রীপুরের এক পাখি শিকারীর কবল থেকে কালিম ডাহুকসহ ২০ টি পাখি উদ্ধার করেছে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল।
আজ শনিবার সকালে বরমী ইউনিয়নের সাতখামাইরের দুর্লভপুর গ্রাম থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়।
উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে আছে ৭টি কালিম, ৩টি ডাহুক, ২টি বালিহাঁস, ৫টি ঘুঘু ও ৩টি শালিক। অভিযানের সময় শিকারীকে পাওয়া যায়নি। তবে তার প্রতিনিধি হিসেবে ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে নবীন হোসেনকে আটক করা হয়। তিনি বন্যপ্রাণী আইন সম্পর্কে জানতেন না এই বলে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান বলেন, উদ্ধার করা পাখিগুলোকে আমাদের এখানে পার্কের ভিতরে অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ইউনিটের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট সাদিকুল ইসলাম একটি দল নিয়ে অভিযান চালিয়ে এ পাখিগুলো উদ্ধার করে। উদ্ধারের পর সেগুলোকে সাফারি নিয়ে পার্কের ভিতরে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়।





