সারা দেশ

শ্রীপুরে ছুরিকাঘাত করে ছিনতাই, নিহত ১

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জানুয়ারি, ২০২২

গাজীপুরের শ্রীপুরে ক্রেতা সেজে একটি স্যানিটারি দোকানে ঢুকে দোকানের ম্যানেজারকে ছুরিকাঘাত করে ছিনতাই করে পালিয়েছে দুর্বত্তরা। এ সময় ছুরিকাহত ম্যানেজারের আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। এ সময় অবস্থার অবনতি দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে হাসপাতালেই তার মৃত্যু হয়। এর কিছু দিন আগেও একই বাজারের পশ্চিমে লিচুতলা এলাকার দিনে দুপুরে একটি মোবাইলের দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা ছিনতা‌ই করার ঘটনা ঘটেছিল। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ীর মৃত্যু হয়েছিল। সে সময় এলাকাবাসী ছিনতাইকারীকে ধরে পুলিশে দেয়। অতি ব্যস্ততম এলাকায় পর পর এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে পৌর শহরের ব্যস্ততম এলাকা গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজারে ইমরান ট্রের্ডাসে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন মুন্সি (৫০)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউখাইঘানা গ্রামের মৃত এলাহী বক্স মুন্সির ছেলে। তিনি কয়েক বছর ধরেই মাস্টার বাড়ি এলাকার মোতালেব মোল্লার ইমরান ট্রের্ডাস নামের একটি স্যানেটারি দোকানের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে জয়নাল আবেদীন মুন্সি দোকানের সব সাঁটার বন্ধ করে একটি সাঁটার খুলে রেখে হিসাব নিকাশ শেষ করেন। এ সময় একটি সাঁটার দিয়ে এক যুবক ক্রেতা সেজে দোকানে ঢুকে। এ সময় কোনো কিছু বুঝে উঠার আগেই আচমকা ক্রেতা (ছিনতায়কারী) ছুরি মেরে ড্রয়ারে রাখা টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় আরো কয়েক যুবক দোকানের বাইরে অপেক্ষা করছিল এমন চিত্র সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়।

তারা আরো জানান, ছুরিকাহত জয়নালের আর্তচিতকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১২ টার দিকে চিকিসাধীন অবস্থায় ম্যানেজার জয়নাল আবেদীন মারা যান।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি ছিনতাইয়ের বিষয়টি। আমরা নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ব্যবসায়ীদের আতঙ্ক কাটাতে পুলিশের টহল জোরদার করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads