দেশে গত বছর প্রথম বারের মত সব অসম্ভবকে সম্ভব করে শীত প্রধান দেশের নান্দনিক টিউলিপ ফুল ফুটিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ব্যতিক্রমী আর বাহারি ফুল চাষের কারিগর দেলোয়ার হোসেন। এ দেশের আবহাওয়াতে শীতের দেশ নেদারল্যান্ডের টিউলিপ ফোটানো অসম্ভব মনে হলেও দেলোয়ার সব ধারণা পাল্টে দিয়েছেন। পরে সেই ফুল বাগান দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন। গত বছরের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে এবার আরো বড় পরিসরে টিউলিপের বাগান গড়ে তুলেন বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পাওয়া চাষি দেলোয়ার হোসেন। তবে এবার তার টিউলিপ বাগানে ঘুরতে আসলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
আজ মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খন্ড গ্রামে দেলোয়ার হোসেনের ফুলবাগান ঘুরে দেখতে ব্যক্তিগত সফরে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তিনি দেলোয়ারের টিউলিপ বাগান ঘুরে দেখেন। পরে বাগানের অন্য অংশের গোলাপ, জারবেরা, স্ট্রোবেরি, ক্যাপসিকাম বাগানও ঘুরে দেখেন। টিউলিপ ফুল বাগান ঘুরতে মন্ত্রী এসেছেন এমন খবরে আশপাশের শত শত উৎসুক মানুষ মন্ত্রীকে দেখতে ভীড় করেন। মন্ত্রীর এমন আগ্রহ দেখে সাধারন মানুষ তার প্রশংসা করেছেন।
এসময় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, দেলোয়ার শেলী দম্পত্তির এমন সাফল্যের কথা আমি শুনেছি। বিভিন্ন সময় গণমাধ্যমেও তাদের সাফল্যের কথা প্রকাশ পেয়েছে। তারা নিবিড় চেষ্টায় বিভিন্ন ধরনের ফুলের চাষ করছেন। সফলতাও পাচ্ছেন। বিশেষ করে আমাদের দেশের আবহাওয়ায় টিউলিপ হবে, এটা কখনো কেউ ভাবতেই পারত না। অনেকেই চেষ্টাও করেছিলেন, করতে পারেননি। কিন্তু তারা এখানে টিউলিপ ফুল ফোটাতেও সক্ষম হয়েছেন। তারা অন্য চাষিদের জন্য উজ্জ্বল উদাহরন হতে পারেন।
তিনি বলেন, শীতপ্রধান দেশের টিউলিপ ফুল আমাদের দেশের মাটিতে ফোটতে দেখে আমি মুগ্ধ। দেশে ফুল ও সবজি রপ্তানির সম্ভাবনা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
তিনি আরো জানান, দেলোয়ার হোসেন দেশে ৩০০ জন উদ্যোক্তা তৈরি করতে পেরেছেন জেনে আমি দারুন খুশি। সরকারি সহযোগিতা পেলে দেলোয়ার তার প্রকল্পকে আরো বড় পরিসরে নিয়ে যেতে পারবেন বলেও আশা করি। মন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার সবসময়ই উদ্যোক্তাদের পাশে আছে। তিনি নিজেও নতুন উদ্যোক্তা তৈরীতে কাজ করছেন। নতুন বাণিজ্যিক সম্ভাবনাময় কৃষি পণ্যগুলো চাষের জন্য সরকার সহযোগিতা করবে।
তবে এ সময় রাষ্ট্রীয় কোনো বিষয়ে কথা বলতে রাজি হননি মন্ত্রী। তিনি বলেন, 'এটা একদমই ব্যক্তিগত সফর'। শুধু ফুল বাগান আর টিউলিপ বাগান ঘুরে দেখতেই এ সফর।
উল্লেখ্য, গত ২০১৭ সালে ফুল চাষে সফলতা দেখিয়ে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার জেতা দেলোয়ার হোসেন গত দুই বছর ধরে তার বাগানে শীতপ্রধান দেশের ফুল টিউলিপ ফুটাচ্ছেন। এছাড়া সম্প্রতি দেশে প্রথমবারের মতো জি নাই নামের উন্নত জাতের কলা চাষ করেও সাড়া জাগিয়েছেন। তার বাগানে আছে স্ট্রবেরি, ক্যাপসিকাম, জারবেরা, টিউলিপ, অরিয়েন্টাল লিলি সহ নানা ধরনের ফুল, ফল ও সবজি চাষ প্রকল্প।





