ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ১০ বছরের ঊর্ধ্বে যে কেউ ভর্তি হতে পারবে।
আজ মঙ্গলবার এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়েরুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। একইসাথে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর কথাও জানান হাইকোর্ট।
রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় শিক্ষানীতি ২০১০ আনুযায়ী এবার প্রাথমিকে ভর্তির নূন্যতম বয়স ছয় বছর ধরা হয়। এ কারণে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিলেন না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হলো।
গত ১৭ ডিসেম্বর অনলাইনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়।





