মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার বর্তমান পরিষদের একবছর পূর্তি উপলক্ষ্যে পরামর্শমূলক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) পৌর মিলনায়তনে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ দীর্ঘক্ষণ পৌরবাসীর বিভিন্ন অভিযোগ, উন্নয়ন কর্মকান্ড নিয়ে দেয়া প্রস্তাব শুনেন।
পৌরবাসীর বক্তব্যের প্রেক্ষিতে মেয়র বলেন, বিগত এক বছরের সকল কর্মকান্ড পরিচালনা করতে পৌরবাসী যেভাবে সহযোগিতা করেছেন, সেই ধারা অব্যাহত থাকলে আগামী ৪ বছরে একটি মডেল পৌরসভায় উন্নীত করা হবে। এমনকি পৌরসভাকে বাসযোগ্য করে গড়ে তুলতে যা কিছু প্রয়োজন তা করা হবে।
তিনি আরও বলেন, সরকারি বরাদ্ধ পেতে সরকারের কিছু নিয়ম মানতে হয়। আর তা হলো পৌরকর আদায়ে বাধ্যবাধকতা। ইতোমধ্যে পৌর করের জন্য প্রত্যেকটি বাসায় নোটিশ পৌছানো হয়েছে। এতে অনেকে মনোক্ষুন্ন হতে পারেন। কিন্তু নির্ধারিত হারে পৌর কর পরিশোধ না করলে সরকারি উন্নয়ন বঞ্চিত থাকতে হবে। কাজেই এ ব্যাপারে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে।
মেয়র সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে পরামর্শমূলক মতবিনিময় সভায় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, প্রবীণ রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য, খন্দকার লুৎফুর রহমান, এনামুল ইসলাম, কাউন্সিলার আতাউর রহমান চৌধুরী ছোহেল ও সাইফুর রশীদ সুমন প্রমুখ।
সভায় পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।





