টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে সখীপুর পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়নে কর্মহীন হয়ে পড়াদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
সখীপুর পৌরসভা কার্যালয়ে গতকাল শনিবার সকালে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
পরে দলীয় নেতাকর্মীরা দিনব্যাপী সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান ও জাহাঙ্গীর তারেক, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, শনিবার কয়েকটি ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নেই এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।





