সখীপুরে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুন, ২০২০

টাঙ্গাইলের সখীপুরে বাঘেরবাড়ী কাকড়াজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা পুনরায় স্থগিত করার দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলামকে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ওই কর্মকর্তাকে নিজ কার্যাল‌য়ে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বিষয়টি মীমাংসার প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।

বিক্ষুব্ধ এক এলাকাবাসী জানান, করোনাভাইরাস সংক্রামণ ও ওই বিদ্যাল‌য়ের সভাপ‌তির স্বেচ্ছাচা‌রিতার অ‌ভি‌যো‌গে গত ১৩ জু‌নের পূর্ব নির্ধাারত নি‌য়োগ পরীক্ষা স্থ‌গিত করা হয়। কিন্তু উপ‌জেলা শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় স্থগিত থাকা ওই নিয়োগ পরীক্ষা পুনরায় গ্রহণের প্রস্তুতি চল‌ছিল। ঘটনাটি প্রকাশ হলে এলাকাবাসী ক্ষুব্ধ হন।

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম নিজে অবরুদ্ধ হওয়ার কথা অস্বীকার করে বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ে জানাতে এলাকাবাসী আমার কার্যালয়ে এসেছিলেন। এ বিষয়ে কোন অভিযোগ থাকলে তাদেরকে জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অ‌ভি‌যোগ দি‌তে বলা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বলেন,  এলাকাবাসী শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও করে। পরে তাদের অভিযোগ শুনে বিষয়টি তদন্ত সাপেক্ষে মীমাংসার প্রতিশ্রুততি দেওয়া হয়েছে।

উ‌ল্লেখ্য, গত ৯ জুন এলাকাবাসীর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত ১৩ জুনের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রেসক্লাব বরাবর গণস্বাক্ষরিত লিখিত আবেদন করা হয়। এলাকাবাসীর ওই আবেদনের প্রেক্ষিতে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম ওই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads