বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে সখীপুর পৌর এলাকার বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সখীপুর উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন যৌথভাবে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মঙ্গলবার সকালে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ, উপজেলা সিএনজি অটো টেম্পু মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান হান্নান, সাধারণ সম্পাদক বাবুল সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক, শহর ছাত্রলীগের সভাপতি তানভীর সেলিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন দেশ বিরোধী শক্তি লিপ্ত বিএনপি-জামায়াত চক্ররা নানাভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রও করা হচ্ছে। টকশোতে শামসুজ্জামান দুদুর বক্তব্য সেই ইঙ্গিতই বহন করে।
বক্তারা সারা দেশে দুদুকে সর্বাত্মক প্রতিহতের ঘোষণা দেন।
প্রসঙ্গত, একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।





