সখীপুরে সিঁধ কেটে চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে সিঁধ কেটে চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত ৬ এপ্রিল, ২০২১

টাঙ্গাইলের সখীপুরে গভীররাতে সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি হওয়া ২ মাসের শিশু জুনায়েদকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করা হয়। শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- বাসাইল উপজেলার হাবলা গ্রামের চিহ্নিত ডাকাত পরান আলী, তার স্ত্রী শিউলী বেগম ও পরান আলীর বোন দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা রওশন আরা।

মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সখীপুর থানা পুলিশ ও পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইলের এর যৌথ উদ্যোগে সোমবার রাত ১০টা থেকে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে বিক্রি করার জন্য তারা দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামে রেখেছিল। বিক্রির আগেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ বুধবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রামের ট্রাকচালক আছির উদ্দিনের ঘরে প্রবেশ করে তার স্ত্রী কল্পনা আক্তারের মুখ বেঁধে শিশু জোনায়েদকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১ এপ্রিল বৃহস্পতিবার শিশুটির মা কল্পনা আক্তার বাদি হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন।

পিবিআই টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সখীপুর থানা পুলিশ ও পিবিআই এর যৌথ উদ্যোগে এবং দেলদুয়ার থানা পুলিশের সহযোগিতায় সোমবার দিবাগত রাত ১০ টা থেকে অভিযান পরিচালনা করা হয়। পরে মঙ্গলবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads