টাঙ্গাইলের সখীপুরে শাল গজারি বনের পাশ থেকে প্রায় আট ফুট লম্বা অজগর সাপ ধরা পড়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বহেড়াতৈল কাউচি চালা এলাকায় সাপটি দেখা যায়।
পরে স্থানীয়রা সাপটি ধরে বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। অজগরটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শরা জানান, কয়েকজন পথচারী উপজেলার বহেড়াতৈল-ছাতিয়া সড়কঘেঁষা বনে অজগরটি দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। পরে স্থানীয়রা অজগরটি আটক করে স্থানীয় বন কর্মকর্তাকে খবর দেয়। এলাকাবাসী এ অঞ্চলে আরো অজগর রয়েছে ধারণা করছেন।
বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এরশাদুল আলম বলেন, এটি একটি বাচ্চা অজগর। অজগরটিকে মধুপুর প্রাণী সম্পদ সংরক্ষণ উদ্যানে ছেড়ে দেওয়া হবে। কেউ আঘাত না করায় অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।





