অপরাধ

সমুদ্রে ট্রলার থেকে ১৩ লাখ পিস ইয়াবা জব্দ , আটক ২

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ অগাস্ট, ২০২০

কক্সবাজারে বঙ্গোপসাগর দিয়ে পাচারের সময় ১৩ লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। যা চলতি বছরের ইয়াবার সবচেয়ে বড় চালান বলে জানা গেছে। জব্দ করা হয়েছে একটি মাছ ধরা নৌকা। রোববার বিকাল পাঁচটার দিকে কক্সবাজার শহর সংলগ্ন সাগরের মাঝিরঘাট পয়েন্টে থাকা একটি নৌকা থেকে ইয়াবাগুলো জব্দ করে পুলিশের এই এলিট ফোর্সটি।

আটকেরা হলেন- কক্সবাজার সদরের ঝিংলজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়ার এলাকার আবদুল মজিদের ছেলে মো. বিল্লাল এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর এইচ ১৪ ব্লকের বশির আহমদের ছেলে মো. আয়াছ (৩৪)।

সোমবার দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। তিনি জানান, মিয়ানমার থেকে প্রবেশ করে বিপুল ইয়াবাবাহী একটি নৌকা বৈরি আবহাওয়ার কারণে মাছ ধরার গভীর সাগরপথ ছেড়ে নদীপথে আসছিল বলে খবর পায় র‌্যাব। এমন খবরে টেকনাফে ওই নৌকাটি চিহ্নিত করে ধাওয়া করে র‌্যাব-১৫ এর পরিচালক আজিম আহমেদের নেতৃত্বে একটি দল। ধাওয়া খেলেও বৈরি আবহাওয়ার কারণে নৌকাটি গভীর সাগরে পালাতে পারেনি। এক পর্যায়ে নৌকাটি কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাটে নোঙর করে। সেখানেই নৌকাটি আটক করে র‌্যাব সদস্যরা। আটক করা হয় নৌকায় থাকা দুইজনকে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী নৌকার গোপন জায়গায় লুকানো অবস্থায় ইয়াবার বিশাল চালানটি জব্দ করা হয়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, আটক দুজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিশাল ইয়াবার চালানটি গভীর সাগর হয়ে পাচার করতে মিয়ানমার থেকে আনা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads