বিশ্বের যুদ্ধকবলিত অঞ্চলের বেসামরিক মানুষকে করোনা ভাইরাসের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস।
গতকাল সোমবার নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে এক সংক্ষিপ্ত ভাষণে তিনি এই আহ্বান জানান।
জাতিসংঘের মহাসচিব বলেন, এখন সশস্ত্র সংঘাতকে লকডাউনে পাঠানোর সময়। যুদ্ধের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করুন। আমাদের জীবন রক্ষায় সত্যিকার লড়াইয়ে মনোনিবেশের সময় এখনই।
তিনি আরও বলেন, বিশ্ব এখন এক রোগের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের সময় এসেছে এখন অস্ত্রের গর্জন থামানোর।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ৫১৪ জনে। দশ বছর ধরে গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় এই ভাইরাসে প্রথমবারের মতো এক আক্রান্ত শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞ ও কূটনীতিকদের আশঙ্কা সংঘাত কবলিত দেশগুলোর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার কারণে ভাইরাসটি মারাত্মক রুপ নিতে পারে।





